বিপিএলে পারিশ্রমিক বিতর্কে নতুন ঝড়, সিলেট টাইটান্সের কাছে ৩৫ লাখ টাকা বকেয়ার দাবি নাসুম আহমেদের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই আলোচনায় উঠে এসেছে জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের নাম। সিলেট টাইটান্সের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করলেও, তার দাবি অনুযায়ী এখনো বড় অঙ্কের পারিশ্রমিক বাকি রয়েছে।
![]() |
| ছবি: সংগৃহীত |
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পাওনা টাকা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নাসুম। তার বক্তব্য, চুক্তি অনুযায়ী তিনি পুরো অর্থ পাননি।
গত বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাসুম আহমেদ। তার ধারাবাহিক পারফরম্যান্স দলের বড় শক্তি হয়ে দাঁড়ায়, আর সেই সুবাদে সিলেট পৌঁছে যায় দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত।
মাঠে সাফল্য এলেও আর্থিক বিষয়ে সন্তুষ্ট নন এই স্পিনার। এর আগে বিষয়টি আলোচনায় এলে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ জানিয়েছিল, চুক্তি অনুযায়ী নাসুমের সব পাওনা পরিশোধ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছিল, তার কোনো বকেয়া নেই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমেও বিষয়টির সমাধান হয়েছে।
তবে নাসুমের সাম্প্রতিক বক্তব্য সেই দাবির সঙ্গে ভিন্ন চিত্র তুলে ধরেছে। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৫ লাখ টাকা পেলেও তার মোট চুক্তির পরিমাণ ছিল ৭০ লাখ টাকা। অর্থাৎ বাকি ৩৫ লাখ টাকা এখনো তিনি পাননি বলে দাবি করছেন। নিজের দাবির সমর্থনে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি চুক্তিপত্রও প্রকাশ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে নাসুম লিখেছেন, ‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’
এছাড়া সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর প্রতিও বার্তা দিয়েছেন তিনি। নাসুম লিখেছেন, ‘ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন-আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন। সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।’
আরও এক অংশে তিনি বলেন, ‘ভাই, আমার টাকাগুলো যেন পাই-এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।’
নাসুম আহমেদের এই অভিযোগ নতুন করে বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ও চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। মাঠের পারফরম্যান্সের বাইরে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা কতটা নিশ্চিত, সেই আলোচনাও আবার সামনে চলে এসেছে।
