শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক টিজার প্রকাশ, ভক্তদের মধ্যে বাড়ছে উত্তেজনা
শনিবার প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক টিজার। ৫৪ সেকেন্ডের এই অ্যানিমেশন ভিডিওটির নাম রাখা হয়েছে ‘ওয়ার্মআপ’। ভিডিওটি শেয়ার করে জানানো হয়েছে, ‘একটা গল্প...যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’ পাশাপাশি ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ৫ মে সিনেমাটির আরও একটি নতুন টিজার প্রকাশ করা হবে।
![]() |
| ‘রকস্টার’ সিনেমার পোস্টারে শাকিব খান । ছবি: সংগৃহীত |
এই অ্যানিমেশন ভিডিওতে একজন রকস্টারের উত্থান ও পতনের গল্প তুলে ধরা হয়েছে। শনিবার দুপুরে শাকিব খানের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই এর অভিনব উপস্থাপনা ও ভিন্নধর্মী প্রচারণার প্রশংসা করেছেন।
বাংলাদেশের সিনেমায় অ্যানিমেশন টিজার খুব বেশি দেখা যায় না। সেই জায়গা থেকে ‘রকস্টার’ শুরুতেই আলাদা নজর কেড়েছে। বিশেষ করে সিনেমাটির প্রচারণায় এমন ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ভক্তরা। টিজারে ব্যবহৃত আবহসংগীতও দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করেছে।
ভিডিওর শুরুতে ঝড়বৃষ্টির আবহে গিটারের সুর শোনা যায়। এরপর দৃশ্য বদলে তৈরি হয় বিশাল এক কনসার্টের পরিবেশ। সেখানে দেখা যায় অ্যানিমেটেড রূপে রকস্টার শাকিবকে। অসংখ্য দর্শকের সামনে মঞ্চে গান পরিবেশন করছেন তিনি। গানের কথায় ভেসে আসে, ‘আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও।’
টিজার প্রকাশের পর মন্তব্যঘরেও ছিল ভক্তদের উচ্ছ্বাস। একজন লিখেছেন, ‘পুরাই আগুন হবে এই সিনেমা।’ আরেকজনের মন্তব্য, ‘আবহসংগীত শুনেই রোমাঞ্চ হচ্ছে।’ অনেকেই আবার দ্রুত পূর্ণাঙ্গ টিজার দেখার অপেক্ষার কথাও জানিয়েছেন।
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলা।
ছবিটির সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। তিনি নিজেই গানেও কণ্ঠ দেবেন। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
